দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

বজ্রপাতের দৃশ্য
বজ্রপাতের দৃশ্য | ছবি: সংগৃহীত
0

দেশের নয় অঞ্চলের ওপর দিয়ে আজ (মঙ্গেলবার, ২৫ আগস্ট) ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া দেখা দিতে পারে।

আরও পড়ুন:

ঝড়ো হাওয়ার সম্ভাবনার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


এফএস