চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

আসামিদেরকে আদালত থেকে নেয়া হচ্ছে
আসামিদেরকে আদালত থেকে নেয়া হচ্ছে | ছবি: সংগ্রহীত
0

জামালপুরের মাদারগঞ্জে আলোচিত চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাত জনকে মৃত্যুদণ্ড ও সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার করে ও যাবজ্জীবন প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সকল আসামী এবং বাদীপক্ষ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল আলম জানান, পূর্বের বিরোধের জেড়ে ২০১৬ সালের ১৬ মে রাতে গান বাজনার কথা বলে সাখাওয়াত ও সোহেল নামে দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

এরপর জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে নিয়ে দুজনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর পাটখেত থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় এবং ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করে আদালত।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো.শাখাওয়াত হোসেন (২৩), তাইজলের ছেলে সোহেল (২১), মৃত গিয়াসের ছেলে চান মিয়া (৪১), মো.শাহ আলম (৩৬), মো.উজ্জ্বল (২১), অন্তর (২১), সুমন (২২)।

জেআর