বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি জয়ের লড়াইয়ের আর মাত্র কয়েকদিন। আগামী রোববার, ১৯ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণ।
বিশ্বকাপের ট্রফি, স্বর্ণপদক আর গৌরবের পাশাপাশি এবার আলোচনায় এসেছে আরেকটি বিষয় চ্যাম্পিয়নশিপ রিং। বিশ্বকাপজয়ী দলের জন্য বিশেষ স্মারক হিসেবে রিং দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো ফিফার আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
প্রতিটি রিংয়ের এক পাশে থাকবে ঐতিহ্যবাহী ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচিতি ও জাতীয় পতাকার আদলে বিশেষ ডিজাইন। প্রতিটি রিংয়ের সঙ্গে থাকবে সত্যতা যাচাইয়ের সনদও।
আরও পড়ুন:
জানা গেছে, টুর্নামেন্টের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি রিং দেয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের। বাকি এক হাজার ৯৯৬টি রিং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে বাজারে ছাড়া হতে পারে।
এছাড়া ফাইনাল শেষে প্রতীকীভাবে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে একটি করে রিং পরিয়ে দেয়া হবে। পরে দলের সদস্যদের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে রিং হস্তান্তর করা হবে।
চ্যাম্পিয়নশিপ রিং নিয়ে বিশ্ব ফুটবলাঙ্গনে কৌতূহল ও অপেক্ষা দুটোই বেশি। এখন অপেক্ষা ফিফার আনুষ্ঠানিক ঘোষণার।




