এর আগে, বুধবার দুপুরে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। এরপর মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দেন।
শিক্ষার্থীরা জানান, তিন দফা দাবি এখনও পূরণ হয়নি। তাই আমরা দাবি জানাতে শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছি। আমাদের দাবিগুলো সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে। শিক্ষার্থীরা মিছিলের সময় ‘দফা এক, দাবি এক— শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে— ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।





