ফ্রান্সের গতিময় কাউন্টার নাকি স্পেনের বল পজেশন; কে হাসবে শেষ হাসি?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন
ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ফাইনালে ওঠার এই লড়াইয়ে বল পজেশন (দখল) ধরে রেখে প্রতিপক্ষকে চাপে রাখা স্পেনের চেনা রূপ; অন্যদিকে ফরাসিদের শক্তির জায়গা কাউন্টার অ্যাটাক আর গতি। সেমিফাইনাল ম্যাচ সামনে রেখে দুই দলের প্রস্তুতিই-বা কেমন?

বিশ্বকাপে টানা তৃতীবার ফাইনালে যাওয়ার হাতছানি ফরাসিদের সামনে। তবে সেমিতে তাদের বড় বাধা টুর্নামেন্টের হট ফেভারিট স্পেন। সেমিতে নামার আগে ফরাসি শিবিরের জন্য বড় স্বস্তি, ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন তারকা ‘হোল্ডিং মিডফিল্ডার’ অহেলিয়াঁ চুয়ামেনি।

তবে ম্যাচের আগে ফরাসি ডাগআউটের মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম পরিষ্কার করে দিয়েছেন, স্পেনের শক্তির কাছে তারা আত্মসমর্পণ না করে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে লড়াই করবে।

দিদিয়ের দেশম বলেন, ‘স্পেন বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে মারাত্মক চাপ তৈরি করতে পারে। তবে আমরাও এমন একটি দল, যাদের বল প্রয়োজন এবং প্রতিপক্ষকে সমস্যায় ফেলার ক্ষমতা আছে। এখানে কোনো প্রতিশোধের বিষয় নেই। কালকের ম্যাচ সম্পূর্ণ নতুন এক লড়াই।’

এদিকে, টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেন শিবিরেও বইছে আত্মবিশ্বাসের হাওয়া। তবে নিজেদের ‘ফেভারিট’ তকমা নিয়ে ভাবতে নারাজ স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।

আরও পড়ুন:

দে লা ফুয়েন্তে বলেন, ‘ফেবারিট হওয়া বা না হওয়া মাঠে কোনো পার্থক্য গড়ে দেয় না। আমরা ফ্রান্সকে খুব ভালো করে বিশ্লেষণ করেছি। দুই দলেই বিশ্বমানের খেলোয়াড় আছে। আসল উদ্দেশ্য হলো নিজেদের শক্তি মাঠে ফুটিয়ে তোলা এবং তাদের প্লাস পয়েন্টগুলো আটকে দেয়া।’

ম্যাচের আগের দিনই (১৩ জুলাই) ১৯ বছরে পা দিয়েছেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। জন্মদিনের উপহার হিসেবে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট কাটতে চান তিনি। সাবেক স্প্যানিশ প্রধানমন্ত্রীর বর্ণবাদী মন্তব্যের জবাবে এই তরুণ দিলেন এক দারুণ বার্তাও।

ইয়ামাল বলেন, ‘ফুটবল যদি কোনো কাজে আসে, তবে তা হলো মানুষকে একত্রিত করা ও সমাজকে যুক্ত করা। ফ্রান্স এবং আমরা এর অন্যতম বড় উদাহরণ। কে কী বলল, তা নিয়ে আমি ভাবছি না। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি ম্যাচ খেলতে যাচ্ছি।’

পরিসংখ্যানে কেউ কারও চেয়ে কম নয়। একদিকে স্পেনের টিকিটাকা আর ইয়ামালদের নিখুঁত পাসিং ফুটবল, অন্যদিকে ফ্রান্সের জমাট রক্ষণ ও কিলিয়ান এমবাপ্পের গতির ঝড়। ফুটবলপ্রেমীদের নজর এখন ড্যালাসে, কে হাসবে শেষ হাসি? জানা যাবে আজ রাতেই।

এসএইচ