২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি সমানভাবে আলোচনায় নরওয়ের সমর্থকদের বিশেষ উদযাপন- ভাইকিং রো। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের মায়ামি বিচেও দেখা গেছে সেই বিশেষ দৃশ্য। লাল জার্সি গায়ে শত শত সমর্থক একসঙ্গে বৈঠা চালানোর ভঙ্গিতে মাতিয়ে তুললেন সৈকত।
দীর্ঘ ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলতে এসে একেরপর এক চমক উপহার দিচ্ছে নরওয়ে। দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত সমর্থকরা। দক্ষিণ ফ্লোরিডার গরম আবহাওয়াও থামাতে পারেনি তাদের উদযাপন। শুধু মিয়ামি নয়, উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে দেশজুড়েই।
আরও পড়ুন:
নরওয়ের সমর্থকদের একজন বলেন, ‘এটি দারুণ একটি যাত্রা। আমরা যেমন ভেবেছিলাম এটি তার থেকেও বেশি। এখানে নরওয়ের জন্য সবাই উল্লাস করছে। এটি দেখে ভালো লাগছে। আমরা আশা করছি সেমি ফাইনালে উঠতে পারব।’
নরওয়ের অগ্রযাত্রায় মূল ভরসা হালান্ড। তার পাশাপাশি দলের অন্যরাও আছেন দারুণ ফর্মে। সবমিলিয়ে নিজেদের সেরা সাফল্যের প্রত্যাশা সমর্থকদের কণ্ঠে।
অন্য আরেকজন বলেন, ‘আমাদের দলে হালান্ড আছে। নিজেদের ক্ষমতা প্রকাশ করার জন্য এখনই উপযুক্ত সময়।’
ইংল্যান্ডের বিপক্ষে কঠিন কোয়ার্টার ফাইনালের আগে বেশ আত্মবিশ্বাসী নরওয়ের সমর্থকেরা। তাদের বিশ্বাস, নিজেদের প্রাণচাঞ্চল্য মাঠেও অনুপ্রেরণা জোগাবে প্রিয় দলকে। সামনেও প্রিয় তারকাদের সঙ্গে গ্যালারিতে বসে ‘ভাইকিং রো’ উদযাপন করতে চান তারা।





