বিশ্বকাপে গোল উৎসব: অতীত সব রেকর্ড ভাঙলো ‘সুপার সাব’রা

বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি | ছবি: সংগৃহীত
0

বদলি নেমেই বদলে দিচ্ছেন ম্যাচের সমীকরণ। কোচদের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন শেষের ১৫ থেকে ২০ মিনিটে। চলতি বিশ্বকাপে বদলি নামা ফুটবলারদের গোল এরইমাঝে ছাড়িয়ে গেছে সব অতীত পরিসংখ্যান।

বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন ছিল রোমেলু লুকাকুর। কিন্তু সুযোগ পেয়ে লুকাকু হয়ে উঠলেন বেলজিয়াম কোচের তূণের ব্রহ্মাস্ত্র। বিশ্বকাপে খাদের কিনারা থেকে বেলজিয়ামকে একাধিকবার টেনে তুলেছিলেন তিনিই। একই কথা প্রযোজ্য মিকেল মেরিনোর জন্য। রাউন্ড অফ সিক্সটিনে স্পেনের জার্সিতে বদলি নেমে পর্তুগালকে বিদায় করেছিলেন তিনিই। কোয়ার্টার ফাইনালেও তার গোলেই জয় পেয়েছে স্পেন।

মেরিনো বা লুকাকু শুধুই উদাহরণ। চলতি বিশ্বকাপে এমন আরও অনেকেই সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেই বদলে দিয়েছেন ম্যাচের ফলাফল। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ১৮ দশমিক ৬ শতাংশ গোল এসেছে বদলি ফুটবলারদের কাছ থেকে। বিশ্বকাপের ইতিহাসেই যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে ১৮ দশমিক ৭ শতাংশ গোল এসেছিল বদলি খেলোয়াড়দের কাছ থেকে। অবশ্য এখনও এই বিশ্বকাপে বাকি আছে ৬ ম্যাচ। বদলি ফুটবলারদের গোল শতাংশ শীর্ষে উঠে যাওয়ার সুযোগ তাই থেকেই যাচ্ছে।

আরও পড়ুন:

মূলত ৫ জন বদলির সুযোগ, যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ায় সতেজ অবস্থায় মাঠে নামার সুবাদেই বদলি ফুটবলারদের কাছ থেকে হরহামেশাই মিলছে গোলের দেখা। আর তাতে রেকর্ড হয়েছে অন্য আরেকদিকে।

বিশ্বকাপের ইতিহাসে ইনজুরি টাইমে গোল করার নতুন মাইলফলক দেখা মিলেছে এবারেই। এবারের বিশ্বকাপের ৩২ গোল হয়েছে ইনজুরি সময়ে। যা মোট গোলের ১১ দশমিক ২২ শতাংশ। বিশ্বকাপের মঞ্চে আপাতত এটিই যৌথ সর্বোচ্চ। এর আগে ২০১৮ বিশ্বকাপে ১১ দশমিক ২ শতাংশ গোল এসেছিল ইনজুরি টাইমে এসে।

অবশ্য বিশ্বকাপে বাকি আছে আরও কিছুটা সময়। আটলান্টিক পাড়ের বিশ্বকাপ পরিসংখ্যানের পাতায় আরও কিছুটা রদবদল আনবে, সেটা সহজেই অনুমেয়।

ইএ