নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে দেখতে তার বাসায় সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

সংগীতশিল্পী শবনম মুশতারীর বাসায় সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী
সংগীতশিল্পী শবনম মুশতারীর বাসায় সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে দেখতে তার বাসায় গেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আজ (শনিবার, ৪ জুলাই) রাজধানীর ধানমন্ডিস্থ শিল্পীর বাসভবনে তারা দীর্ঘক্ষণ অসুস্থ শিল্পীর পাশে অবস্থান করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ ছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গুণী এই শিল্পীর জরুরি চিকিৎসায় তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়। এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম এবং শিল্পীর নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, নজরুল সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শবনম মুশতারী ১৯৯৭ সালে ‘একুশে পদক’-এ ভূষিত হন। এ ছাড়া ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে ‘নজরুল পুরস্কার’ লাভ করেন।

তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।

এএইচ