রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে, সতর্ক থাকার বার্তা স্কালোনির

আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে
আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপে রাউন্ড অব থার্টি টুতে নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মায়ামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। ম্যাচের আগে প্রতিপক্ষকে হালকাভাবে না নেয়ার কথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে লিওনেল মেসির দলকে সমীহ করলেও নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের ঘোষণা কেপ ভার্দের হেড কোচের।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে রাউন্ড অব থার্টি টুর ম্যাচে নামছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আসরের চমক কেপ ভার্দে। নক আউট পর্বে হারলেই নিতে হবে বিদায়, এমন সমীকরণকে সামনে রেখে অনুশীলন করেছে দুই দলই।

নামে-ভারে কেপ ভার্দের চেয়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে ছোট করে দেখতে নারাজ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। বরং যোগ্য হিসেবেই তারা নক আউটে উঠেছে বলে মনে করেন তিনি।

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘কেপ ভার্দে এমন একটি দল, যারা এখনো কোনো ম্যাচ হারেনি। কিছু ম্যাচে তারা আরো ভালো ফল পাওয়ার যোগ্য ছিলো। তারা সত্যিই একটি ভালো দল। আমরা তাদের বিপক্ষে খেলছি বলেই নয়, আগেই তাদের খেলা বিশ্লেষণ করেছিলাম। তারা সম্ভাব্য প্রতিপক্ষ ছিলো। শেষ পর্যন্ত তারাই পরের পর্বে উঠেছে। আর সত্যি বলতে, এতে আমরা মোটেও অবাক হইনি।’

আরও পড়ুন

এদিকে সামাজিক মাধ্যমে নানা সময় অভিযোগ শোনা যায়- আর্জেন্টিনাকে নাকি ফিফা অতিরিক্ত সুবিধা দেয়। এমন দাবি ভিত্তিহীন জানিয়ে গুরুত্ব না দেয়ার আহ্বান করেছেন আলবিসেলেস্তে কোচ।

লিওনেল স্কালোনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। তাই এসব বিষয়ও আমার নজরে আসে না। এখনকার সমস্যা হলো, যে কেউ যেকোনো কিছু পোস্ট করতে পারে এবং সেটাই দ্রুত ছড়িয়ে পড়ে। সেটা সত্য হোক বা না হোক। খুব ছোট্ট একটা বিষয়ও অল্প সময়ের মধ্যে অনেক বড় ইস্যু হয়ে যায়। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার এটাই স্বভাব। এসবকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই।’

নক আউটের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনাকে সমীহ করছেন কেপ ভার্দের হেড কোচ পেদ্রো বুবিস্তা। তবে নিজেদের স্বপ্নযাত্রা আরো লম্বা করতে সেরাটা দিয়ে লড়াইয়ের প্রত্যাশা তার কণ্ঠে।

কেপ ভার্দের হেড কোচ পেদ্রো বুবিস্তা বলেন, ‘দল হিসেবে আমাদের নিজস্ব কৌশল রয়েছে, এটা শুধু কথার কথা নয়। আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা জানি, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ টুর্নামেন্টের অন্যতম সেরা দল। লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু আমাদের প্রস্তুতির সবকিছুই পুরো আর্জেন্টিনা দলকে ঘিরে, শুধু মেসিকে নয়।’

এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি হওয়ার রেকর্ড নেই। ইনজুরি কাটিয়ে আর্জেন্টিনার একাদশে ফিরতে পারেন রোমেরো। মেসি দারুণ ফর্মে থাকলেও দলের অন্য স্ট্রাইকারদের পারফরম্যান্স স্কালোনির জন্য কিছুটা দুশ্চিন্তার। অন্যদিকে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কেপ ভার্দে।

জেআর