মেক্সিকোর পর কানাডায় বর্ণিল আয়োজনে শুরু বিশ্বকাপ যাত্রা

কানাডায় এবারের ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
কানাডায় এবারের ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
1

মেক্সিকোর পর জমজমাট আয়োজন দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান সারলো আরেক স্বাগতিক দেশ কানাডা। যেখানে মঞ্চ মাতিয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহী, বাংলাদেশের সঞ্জয় থেকে শুরু করে বিশ্ববিখ্যাত তারকারা।

মেক্সিকোতে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরুর একদিন পর কানাডার টরন্টো স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়েই শুরু হয় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানের। ৪৩ হাজার দর্শকে ভরা স্টেডিয়ামে কানাডার সংস্কৃতি, বৈচিত্র্য, ইতিহাস এবং ফুটবলের প্রতি ভালোবাসা তুলে ধরা হয় মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে।

অনুষ্ঠানের সূচনা করেন আদিবাসী কানাডীয় সংগীতশিল্পী উইলিয়াম প্রিন্স। বর্ণিল পোশাকে সজ্জিত আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে তিনি মঞ্চ মাতান এবং ঐতিহ্য, গল্প ও সংযোগের বার্তা তুলে ধরেন। তার আবেগঘন বক্তব্যে দর্শকরা কানাডার শিকড় ও সংস্কৃতির এক অনন্য পরিচয় পান।

আরও পড়ুন:

এরপর মঞ্চে আসেন জনপ্রিয় গায়িকা আলেসিয়া কারা। বিশাল সোনালি ফুটবলের ভেতর থেকে আবির্ভূত হয়ে 'ওয়াইল্ড থিংস' পরিবেশন করেন তিনি। তার গানের সঙ্গে মঞ্চে প্রদর্শিত হয় কানাডার বন্যপ্রাণীর প্রতীক মুজ, তিমি ও অন্যান্য প্রাণীর শিল্পকর্ম, যা দেশটির দশটি প্রদেশকেও প্রতিনিধিত্ব করে।

বিশ্বকাপের অফিসিয়াল গান 'সির সির' নিয়ে দর্শকদের সামনে হাজির হন নোরা ফাতেহি, ডিজে সন্জয় ও র‍্যাপার ভেজিড্রিম। প্রাণবন্ত নাচ, সুর আর লাল-সাদা রঙের দৃষ্টিনন্দন আয়োজনে তারা বিশ্বকাপের আবহ আরও উজ্জ্বল করে তোলেন।

সবশেষে এলিয়ানা ও জেসি রেয়েজ ‘ইলুমিনাতি’ গেয়ে অনুষ্ঠানে এনে দেন আবেগঘন সমাপ্তি। তাদের পরিবেশনার সময় আকাশে ভেসে ওঠে বিশাল সোনালি ফুটবল। লাল-সাদা ধোঁয়া আর দর্শকদের করতালির মধ্য দিয়ে শেষ হয় কানাডার বিশ্বকাপ উদ্বোধনের বর্ণাঢ্য উৎসব।

এসএইচ