মেক্সিকো সিটির বিখ্যাত পাসেও দে লা রিফর্মা বুলেভার্ডে জড়ো হন স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকরা। লক্ষ্য ছিলো বিশ্বের সবচেয়ে বড় ‘মেক্সিকান ওয়েভ’ তৈরি করা। ১৯৮৬ সালের বিশ্বকাপে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠা এ স্টেডিয়াম সংস্কৃতির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ এ উদ্যোগ।
সবুজ জার্সিতে সজ্জিত সমর্থকরা হাতে জাতীয় পতাকা নিয়ে স্লোগান তোলেন ‘মেক্সিকো!.. মেক্সিকো!’। এরপর একসঙ্গে উঠে দাঁড়িয়ে হাত উঁচু করে তৈরি করেন বিশাল এক মানবঢেউ, যা বয়ে যায় রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কজুড়ে।
অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন, তারা শুধু রেকর্ড গড়তে নয়, নিজেদের জাতীয় দলকে সমর্থন জানাতেও এসেছেন। দেশপ্রেম আর ফুটবল ভালোবাসার এক অনন্য মেলবন্ধনে পরিণত হয় পুরো আয়োজন।
আরও পড়ুন:
শুধু মেক্সিকানরাই নন, বিদেশি পর্যটকরাও যোগ দেন এই উৎসবে। তাদের মতে, বিশ্বকাপের আগে এমন ঐতিহাসিক আয়োজনে অংশ নেয়া এক স্মরণীয় অভিজ্ঞতা।
১১ জুন বাংলাদেশ সময় রাতে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ১৯৭০ ও ১৯৮৬ সালের পর এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকো। এর মধ্য দিয়ে বিশ্বকাপ তিনবার আয়োজন বা সহ-আয়োজন করা প্রথম দেশ হওয়ার গৌরব অর্জন করবে তারা।
তবে সবচেয়ে বড় প্রশ্নের উত্তর এখনও মেলেনি। বিশ্বের সবচেয়ে বড় মেক্সিকান ওয়েভের রেকর্ড আদৌ ভাঙা গেছে কি-না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’।





