Recent event

ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান মামুনুল হকের

জনসভায় মামুনুল হক
জনসভায় মামুনুল হক | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গুন্ডা-মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করার দিন শেষ হয়ে গেছে। কেউ যদি ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাঁ ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

জনসভায় মামুনুল হক বলেন, ‘নিজেদের বা কোনো জোটের ভাগ্যোন্নয়নের জন্য নয়, বরং জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই ১১ দল ঐক্যবদ্ধ হয়েছে।’

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ ও কালো টাকার মালিকদের কাছে জিম্মি হয়ে কিছু দুর্নীতিবাজের হাতে দেশের মানুষের ভাগ্য আর তুলে দেয়া হবে না।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে এবং মানুষের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’

জুলাই বিপ্লব বাস্তবায়ন করতে, শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য গণভোটে ‘‘হ্যাঁ’’ বাক্সে সিল দেয়ার আহ্বান জানান তিনি।

সভা শেষে মোনাজাতের মাধ্যমে জনসভা সমাপ্ত করা হয়।

এনএইচ